মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নিজের মেডিকেল রেকর্ডস বা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রকাশ করেছেন। ১২ অক্টোবর প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে, তার শারীরিক অবস্থা ‘খুবই ভালো’ এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি সক্ষম আছেন।

নিজের মেডিকেল রিপোর্ট প্রকাশের পর ট্রাম্পের মেডিকেল রিপোর্ট প্রকাশ না করা নিয়ে প্রশ্নও তুলেছেন কমলা। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণ দেখতে চায়, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার জন্য উপযুক্ত কিনা।’

অবশ্য ট্রাম্পের চিকিৎসককে উদ্ধৃত করে তার প্রচারণা শিবির বলেছে, তিনি নিখুঁত ও চমৎকার শারীরিক অবস্থায় রয়েছেন। যদিও ট্রাম্পের কোনো ধরনের মেডিকেল রেকর্ডস বা স্বাস্থ্যবিষয়ক তথ্য প্রকাশ করেননি তারা। তাদের দাবি, ট্রাম্প অত্যন্ত ব্যস্ত ও তার প্রচারণা কর্মসূচি চলছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কর্নেল ডা. জসুয়া সিমন্স তিন বছর ধরে কমলা হ্যারিসের চিকিৎসক হিসেবে কাজ করছেন। তিনি লিখেছেন, এপ্রিলে তার স্বাস্থ্যের অবস্থা ছিল ‘অসাধারণ’। একই সঙ্গে যোগ করেন, তিনি স্বাস্থ্যসম্মত জীবনযাপন করেন।

মেডিকেল রেকর্ডসে কমলা উল্লেখ করেছেন, তার (কমলা হ্যারিসের) পরিবারের কোলন ক্যান্সার ও অ্যালার্জিতে ভোগার ইতিহাস আছে। ফলে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কোলন্সকপি ও ম্যামোগ্রামসহ (ব্রেস্ট স্ক্রিনিং) প্রতিরোধমূলক পরীক্ষা-নিরীক্ষা নিয়মিত করে থাকেন।

স্বাস্থ্য সম্পর্কিত এসব তথ্য প্রকাশের পর কমলা হ্যারিসের প্রচারণা দলের একজন মুখপাত্র সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বলেছেন, ‘এবার আপনার পালা ডোনাল্ড ট্রাম্প।’

ট্রাম্প দাবি করে আসছেন, তিনি সম্পূর্ণ সুস্থ। এর আগে গত বছরের শেষ দিকে ট্রাম্পের হোয়াইট হাউজের সাবেক চিকিৎসক রনি জ্যাকসন তাকে দারুণ স্বাস্থ্যের অধিকারী বলে যে ঘোষণা দিয়েছিলেন, সেটিই প্রচার করে যাচ্ছেন তিনি। গত জুলাইয়ে পেনসিলভানিয়ায় নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের কানে গুলি লাগে। ওই সময়ও রনি জ্যাকসন বিবৃতি দিয়ে বলেন, ‘ট্রাম্প ভালো আছেন’।

নর্থ ক্যারোলাইনায় প্রচারণা কর্মসূচির আগে কমলা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন যে কীভাবে তিনি খেই হারিয়ে ফেলেন। ডেমোক্র্যাটরা ৭৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স ও মানসিক সুস্থতা নিয়ে বারবার তাকে আক্রমণ করছেন।