ইরাক ও সিরায়ায় ইরান সমর্থিত লক্ষ্যবস্তুতে
যুক্তরাষ্ট্রের হামলা ‘কেবল শুরু, শেষ নয়’ বলে হুঁশিয়ারি দিয়েছেন হোয়াইট হাউজ। গতকাল
রোববার (৪ ফেব্রুয়ারি) মার্কিন গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তেহরান সমর্থিত বিভিন্ন
সশস্ত্র গোষ্ঠীকে সতর্ক করে এ হুঁশিয়ারি দেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান।
খবর বিবিসি।
গত ২৮ জানুয়ারি জর্ডানে মার্কিন সামরিক
ঘাঁটিতে এক ড্রোন হামলায় দেশটির তিন সেনা নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ইরাক ও সিরায়ায় ইরান
সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ সেনা নিহত হওয়ার
ঘটনাকে কেন্দ্র করেই এমন কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাইডেন প্রশাসন।
ইরান এসব অভিযোগ অস্বিকার করলেও ইরাকের
ইসলামিক রেজিস্ট্যান্স নামের একটি সশস্ত্র সংগঠন ওই হামলার দায় স্বীকার করেছে। অন্যদিকে
ওই হামলায় ব্যবহৃত ড্রোনে তেহরানের আঙ্গুলের ছাপ থাকার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
দেশটির দাবি এসব ড্রোন ইরানের তৈরী।
গত শুক্রবার ইরাক ও সিরিয়ায় ইরানের
এলিট ফোর্স ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সশস্ত্র
লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ বিষয়ে গতকাল কংগ্রেসের দেয়া চিঠিতে মার্কিন
প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, জর্ডানে ড্রোন হামলার প্রতিক্রিয়ায় আইআরজিসির স্থাপনাগুলোকে
লক্ষ্যবস্তু করেছে মার্কিন সেনারা।
শুক্রবার ইরাক ও সিরিয়ায় ইরানের বিভিন্ন
লক্ষ্যবস্তুতে হামলার পর শনিবার ইয়েমেনের ৩৬টি লক্ষ্যবস্তুতে যুক্তরাজ্যের সঙ্গে যৌথ
হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।
এদিকে ইরাক ও সিরিয়ায় হামলাকে যুক্তরাষ্ট্রের
‘কৌশলগত ভুল’ হিসেবে আখ্যায়িত করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরাক
ও সিরিয়ায় হামলার ফলে এ অঞ্চলে উত্তেজনা ও অস্থিতিশীলতা বাড়ানো ছাড়া কোনো কিছুই
অর্জিত হবে না।










