সম্প্রতি ইসরায়েলকে গাজায় গণহত্যা বন্ধের নির্দেশ দিয়েছেন ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস। এবার স্থায়ী যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে একমত হয়েছেন কাতারের আমির ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তাদের মতে, হামাসের হাতে থাকা বন্দিদের মুক্তি নিশ্চিত করার চেষ্টাই হতে পারে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের মূল ‘‌চাবিকাঠি’। খবর রয়টার্স।

গত শুক্রবার গাজা পরিস্থিতি নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে আলাপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

এ বিষয়ে হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, গাজায় বেসামরিক মানুষের জন্য জীবন রক্ষাকারী মানবিক সহায়তা পৌঁছানো এবং অঞ্চলটিতে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে দুই নেতা একমত হয়েছেন।

এদিকে জিম্মি মুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে চুক্তির বিষয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে দোহা সফর করেন বাইডেনের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক। গাজা প্রসঙ্গে গত শুক্রবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া হামাসের কাছে থাকা বন্দিদের উদ্ধার ও ইসরায়েল-হামাসের মধ্যে চুক্তি সম্পাদনে মধ্যস্থতা করতে এবার সিআইএ প্রধান উইলিয়াম বার্নসকে পাঠাতে চান জো বাইডেন। সিআইএ প্রধানের আলোচনা সফল হলে গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি হতে পারে। সেই সঙ্গে ইসরায়েল বিভিন্ন কারাগার থেকে কয়েকশ ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

এছাড়া হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবিও গত সপ্তাহে বলেছিলেন, গাজায় জিম্মিদের মুক্তি ও ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র একটি দীর্ঘমেয়াদি মানবিক বিরতিকে সমর্থন দেবে।

গত ৭ অক্টোবর শুরু হওয়া যুদ্ধ ইসরায়েলে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষকে হত্যা করে হামাস যোদ্ধারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় আরো ২৪০ জনকে। এর জবাবে ইসরায়েলি বাহিনীর লাগাতার বোমাবর্ষণে গত প্রায় সাড়ে চার মাসে গাজায় নিহত হয়েছে ২৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে অন্তত ৬০ হাজার মানুষ।

গত ২৫ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ঘোষিত এক মানবিক বিরতির সাত দিনে মোট ১০৮ জন জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বাকি ১৩২ জন এখনো তাদের হাতে আটক রয়েছে।

হামাস ও ইসরায়েল যুদ্ধের শুরু থেকে দুপক্ষের মধ্যে মধ্যস্থতা করে আসছে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার। ২৫ নভেম্বর-১ ডিসেম্বরের বিরতি ছিল মূলত এ তিন দেশের নিবিড় মধ্যস্থতার ফসল।