স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীর পর এবার প্রকাশ্যে হামলার শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মিতে ফ্রেডিরিকসেন। রাজধানী কোপেনহেগেনের কুলতরভেত এলাকার একটি রাস্তায় এ  ঘটনা ঘটে। এ সময় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের মাত্র দুই দিন আগে এ হামলার ঘটনা ঘটল। খবর বিবিসি।

ডেনমার্কের টিভি২ এর খবরে বলা হয়, এ হামলার শিকার হওয়ার আগে ফ্রেডিরিকসেন ইইউ নির্বাচনে তার দল সোশ্যাল ডেমোক্র‌্যাটের প্রার্থী ক্রিস্টেল শ্যাল্ডেমোজের সঙ্গে এক নির্বাচনী কাজে অংশ নিয়েছিলেন। এ ঘটনাকে ঘৃণ্য কাজ বলে উল্লেখ করেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেন।

প্রধানমন্ত্রীর ফ্রেডিরিকসেনের ওপর এ হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তারা তাৎক্ষণিকভাবে এর চেয়ে বেশি কিছু জানায়নি। ঘটনাস্থলে দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ওই ঘটনার পরপরই সেখান থেকে প্রধানমন্ত্রীকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

গত ১৫ মে ইউরোপের আরেক দেশ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর ওপর প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছিল। গুরুতর আহত অবস্থা থেকে তিনি বেঁচে ফিরলেও তাকে বেশ কিছু অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।