কলকাতার সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির উপস্থিতি ঘিরে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ ঘটনায় তিনি মর্মাহত বলে জানিয়েছেন এবং এমনটা ঘটার কারণ নিরুপণে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। খবর এনডিটিভি।
এ ঘটনার পর এক্সে দেয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে তাতে তিনি বিচলিত ও হতবাক। এ সময় তিনি মেসি ও তার সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে অবসরপ্রাপ্ত এক বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানান তিনি।
আজ শনিবার সকালে সল্টলেক স্টেডিয়ামে ফুটবল তারকা মেসির আগমন উপলক্ষে এক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ভিড় ও ব্যবস্থাপনার ঘাটতির কারণে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। টিকিট কাটার পরেও অনেক দর্শক মেসিকে দেখতে না পাওয়ায় তাদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

দর্শকরা গ্যালারির চেয়ার মাঠে ছুঁড়ে ফেলায় লণ্ডভণ্ড অবস্থা। ছবি: এএফপি
একপর্যায়ে নিরাপত্তাবেষ্টনী ভেঙে শত শত মানুষ স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়ে। এ সময় বিক্ষুব্ধ দর্শকদের বোতল ও চেয়ার ছুঁড়ে মারার ঘটনাও ঘটে। পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আয়োজকরা মেসিকে নিয়ে দ্রুত মাঠ ত্যাগ করেন।

গ্যালারি ছেড়ে এলোমেলোভাবে মাঠে দর্শকরা ঢুকে পড়েছেন। ছবি: এএফপি
তিনদিনের ভারত সফরের প্রথম দিনে আজ সকালে মেসি কলকাতায় পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন ইন্টার মায়ামিতে সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। নিজের একটি ভাস্কর্য উন্মোচনের পর মেসি সল্টলেক স্টেডিয়ামে যান। সেখানে তাকে দেখতে হাজারো সমর্থক জড়ো হন। তবে প্রায় আধা ঘণ্টা উপস্থিত থাকলেও অনেক দর্শক তাকে দেখতে পারেননি। অভিযোগ ওঠে, ৩ হাজার ৫০০ থেকে ১৪ হাজার টাকা দামের টিকিট কাটা সত্ত্বেও গ্যালারির বড় অংশের দর্শক মেসিকে দেখতেই পারেননি।
ঘটনাটির জন্য রাজ্যে কর্তৃপক্ষ একদল উশৃঙ্খল মানুষ ও আয়োজকদের দায়ী করেছে। তারা বলেছে, আয়োজকদের কোনো পরিকল্পনার ছিল না। দর্শকদের ক্ষোভ যৌক্তিক। এ ঘটনায় কলকাতার সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে বিরোধী দল পুরো ঘটনাকে রাজনৈতিক প্রদর্শন বলে দাবি করেছে। তাদের বক্তব্য, আন্তর্জাতিক অঙ্গনের এমন আয়োজন যথাযথ পরিকল্পনা ও নিরাপত্তা ছাড়া করা হয়েছে, যা লজ্জাজনক। তারা রাজ্যের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে।















