কোয়ালিশন নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) প্রধান বিলাওয়াল জারদারি।

আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) তিনি বলেন, তার দলের সঙ্গে সম্ভাব্য কোয়ালিশন নিয়ে পাকিস্তান মুসলিম লীগ-এন, পিটিআই এবং অন্য কোনো দলের আনুষ্ঠানিক আলোচনা হয়নি। খবর ডন।

পাকিস্তানের সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, তার দল এককভাবে ক্ষমতা গঠনে সমর্থ নয়।

বিলাওয়াল এটিও স্পষ্ট করেছেন, পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীদের কেউ তিনি অথবা পিপিপির কোনো নেতার সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেনি।

পাকিস্তানের নির্বাচনে একটি আসনে নির্বাচন স্থগিত করা হয়। বাকি ২৬৪ আসনের মধ্যে এখন পর্যন্ত ২৫৩ টি আসনের ফল ঘোষিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই ইনসাফ সমর্থিতরা ৯২টি, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পিএমএল-এন ৭১টি, বিলাওয়াল জারদারি নেতৃত্বাধীন পিপিপি ৫৪টি, জমিয়তে ওলামায়ে ইসলাম ৩টি এবং অন্যান্যরা ৩৩টি আসনে জয়লাভ করেছেন।

কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করায় পাকিস্তানে দলগুলো জোট সরকার গঠনের দিকেই ধাবিত হবে। এ ক্ষেত্রে কাদের মধ্যে জোট হবে সেটি নিয়ে পাকিস্তানের রাজনীতিতে আলোচনা এখন তুঙ্গে রয়েছে।