ফিলিস্তিনের গাজার রাফাহ এলাকায় একটি আশ্রয়শিবিরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলাকে মর্মান্তিক দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।একই সঙ্গে তিনি বলেছেন, গাজায় অভিযান বন্ধের কোনো পরিকল্পনা নেই তার। 

রাফায় নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত তাল আস-সুলতান এলাকার একটি আশ্রয়শিবিরে রোববার (২৬ মে) হামলা চালায় ইসরায়েল।  হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে,  আশ্রয়শিবিরে ইসরায়েলি হামলার ঘটনায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে এবং শতাধিক লোক আহত হয়েছে। 

হামলার পর ইসরায়েলের পার্লামেন্টে দেয়া এক ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, গাজা সংঘাতের মধ্যে বেসামরিক লোকজনের সুরক্ষার জন্য সম্ভাব্য প্রত্যেকটি বিষয়ে সতর্ক থাকা ইসরায়েলের জন্য গুরুত্বপূর্ণ। তবে এ সংঘাতে যারা জড়িত নন, তারা যেন ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

এ সময় গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই চলমান থাকবে বলেও জানান তিনি। নেতানিয়াহু বলেন, আমাদের সব লক্ষ্য পূরণের আগে এ যুদ্ধ বন্ধের কোনো ইচ্ছা আমার নেই।

তিনি আরো বলেন, রাফায় যারা লড়াইয়ের সঙ্গে যুক্ত নন, এমন প্রায় ১০ লাখ বাসিন্দা আমরা সরিয়ে নিয়েছি। এ মানুষগুলোর ক্ষয়ক্ষতি এড়ানোর সর্বোচ্চ চেষ্টার পরও দুর্ভাগ্যবশত কিছু মর্মান্তিক ভুল হয়ে গেছে। 

এদিকে নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত অঞ্চলে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।