ইরানের সামরিক বাহিনী দেশটির আজারবাইজান সীমান্তে ব্যাপক মহড়া দিয়েছে। সামরিক শক্তির প্রদর্শনীর ফলে ইসরাইলের ঘনিষ্ঠ এই প্রতিবেশি দেশে উত্তেজনা ছড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ওই মহড়ার ভিডিওতে উত্তর পশ্চিমাঞ্চলে ট্যাংক, হেলিকপ্টার এবং আর্টিলারি নিয়ে সেনাবাহিনীর একটি চৌকষ দল মহড়া দিতে দেখা গেছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, প্রথমবারের মত স্থানীয়ভাবে তৈরি দূরপাল্লার ড্রোন এবং অন্যান্য ‘বিশেষ অর্জন’ পরীক্ষা করা হচ্ছে। গতমাসে বাকুতে অনুষ্ঠিত তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজানের যৌথ সামরিক মহড়ার পর সীমান্তে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হলো।

ইরান প্রকাশ্যেই ইসরাইলের সাথে আজারবাইজানের সামরিক সম্পর্কের ব্যাপারে কড়া হুঁশিয়ারি দিয়ে আসছে। এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান গতকাল বৃহস্পতিবার বলেন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ইহুদীবাদী কোনো তত্পরতা সহ্য করা হবে না। তাদের অপতত্পরতা রুখতে যা যা করা দরকার তা করা হবে।