রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম
দিনে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে বেশ কয়েকজন ভোটারকে আটক করেছে পুলিশ। ব্যালট বক্সে
আগুন ও ভোটকেন্দ্রের ভেতরে ভাংচুরের ঘটনায় অভিযুক্তদের আটক করা হয়েছে
বলে জানিয়েছে প্রশাসন। খবর বিবিসি।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস জানিয়েছে,
এসব অনিয়মের ঘটনা বেশিরভাগ ঘটেছে মস্কোর ভোটকেন্দ্রগুলোয়। এছাড়া দক্ষিণ রাশিয়ার ভোরোনেজ
ও উত্তর ককেশাসের কারাচে-চের্কেসিয়া অঞ্চলেও বেশ কয়েকটি ভাংচুরের ঘটনা ঘটেছে।
এদিকে এক ভিডিও ফুটেজে
সেন্ট পিটার্সবার্গের একটি ভোটকেন্দ্রের কাছে এক নারীকে কেন্দ্রের ভেতরে পেট্রোল
বোমা নিক্ষেপ করতে দেখা গেছে। এছাড়া অন্য ভিডিওতে বিভিন্ন ভোটকেন্দ্রে
সবুজ রঙের তরল ছিটিয়ে ব্যালট বাক্স ও ভোটিং বুথে আগুন দিতে দেখা যায়।
এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে জানানো হলেও সংখ্যা উল্লেখ করেনি প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলাবাহিনীকে
আরো সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।
ভোটকেন্দ্রগুলোয় তেমন উপস্থিতি নেই
বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। গতকাল শুক্রবার (১৫ মার্চ) বিকাল পর্যন্ত ভোটার উপস্থিতি ছিল ২৩ শতাংশ।
চলমান ভোটগ্রহণ শেষ হবে আগামীকাল রোববার। বিশ্লেষকরা বলছেন, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী না থাকায় পঞ্চম মেয়াদে ভ্লাদিমির পুতিনের বিজয় অনেকটাই নিশ্চিত।










