পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার তিনদিন পর ফল ঘোষণা করা
হলো। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দেশটিতে ২৬৪ আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। একটি আসনে
নির্বাচন স্থগিত ছিল। আরেকটি আসনে ফল স্থগিত রয়েছে। খবর রয়টার্স ও ডন।
দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, নির্বাচনে
পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১০১টি আসনে জয়লাভ
করেছেন। পাকিস্তান মুসলিম লীগ-এন ৭৪টি, পাকিস্তান পিপলস পার্টি ৫১টি, মুত্তাহিদা কওমি
মুভমেন্ট-পাকিস্তান ১৫টি, স্বতন্ত্র ৮টি, পাকিস্তান মুসলিম লিগ-কিউ ৩টি, জমিয়তে উলামায়ে
ইসলাম ৩টি, আইপিপি ২টি, মুত্তাহিদা কওমি মুভমেন্ট ২টি, পিএমএল-জেড ১টি, বিএনপি ১টি
আসন পেয়েছে।
সরকার গঠনে ১৩৪টি আসন প্রয়োজন, কিন্তু এককভাবে সরকার গঠনের জন্য কোনো
দলই নির্দিষ্ট আসনে জয়লাভ করেনি। এজন্য দলগুলোর মধ্যে জোট করে সরকার গঠন করতে হবে।
এ জোট সরকারের রূপরেখা কী হবে তা নিয়ে তুমুল আলোচনা চলছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে।










