বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের উদ্বেগ প্রকাশ করেছি। কিন্তু এর অর্থ এই নয় যে আমাদের উদ্বেগের ক্ষেত্র এবং যেসব অগ্রাধিকার নিয়ে আমরা সহযোগিতায় বিশ্বাস করি— উভয় বিষয়ে সরকারের সঙ্গে কাজ করার দায় আমাদের নেই। গতকাল বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার এসব কথা বলেন। 

সাংবাদিকদের প্রশ্ন ছিল, আপনার সর্বশেষ প্রেসনোট থেকে জানা গিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে  নিরাপত্তার বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে আগ্রহী। এই ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে সন্ত্রাসবাদ, সীমান্ত নিরাপত্তা, সাইবার নিরাপত্তা, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা। প্রধানমন্ত্রীকে স্বাগত না জানিয়ে বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে আরো বড় প্রেক্ষাপটে কীভাবে কাজ করা সম্ভব?

এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, সারা বিশ্বের অনেকের সঙ্গেই আমাদের এই ধরনের সম্পর্ক রয়েছে। আমরা বাংলাদেশের নির্বাচন এবং দেশটির ক্র্যাকডাউন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। কিন্তু এর অর্থ এই নয়, আমাদের উদ্বেগের ক্ষেত্র এবং যেসব ক্ষেত্রের অভিন্ন অগ্রাধিকারগুলো নিয়ে আমরা সহযোগিতা করায় বিশ্বাস করি, সেসব বিষয়ে সরকারের সঙ্গে কাজ করার দায় আমাদের নেই।