ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে একটি সরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন রোগীর মৃত্যু হয়েছে। রোববার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। খবর রয়টার্স।
রাজ্যের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারে অগ্নিকাণ্ডটি ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত।
হাসপাতালের কর্মকর্তা অনুরাগ ধাকড় ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন, আইসিইউ বিভাগে আগুন লাগার পর বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটই এর কারণ।
তিনি আরো জানান, পাঁচজন রোগীর অবস্থা এখনো আশঙ্কাজনক। তবে ১৩ জনকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।
হাসপাতালের সুপারিনটেনডেন্ট সুশীল কুমার ভাটি বলেন, নিউরোসার্জারি আইসিইউতে আগুন লাগে। প্রায় ২০ মিনিটের মধ্যে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় দুই ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে হাসপাতালের অধিকাংশ চিকিৎসা সরঞ্জাম পুড়ে যায় বলে এনডিটিভি জানিয়েছে।
জয়পুর পুলিশের প্রধান বিজু জর্জ জোসেফ জানান, ফরেনসিক তদন্তের মাধ্যমে আগুন লাগার সঠিক কারণ নির্ধারণ করা হবে।










