ইরানের পারমাণবিক কর্মসূচির অংশ হিসেবে থাকা খোন্দাব অঞ্চলের একটি ভারী পানি গবেষণা চুল্লির কাছাকাছি এলাকায় ইসরায়েল বোমা হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানি ছাত্র সংবাদ সংস্থা (আইএসএনএ)। খবর আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, হামলার আগেই ওই গবেষণা স্থাপনাটি খালি করে ফেলা হয়েছিল এবং এতে কোনো ধরনের রেডিয়েশন ঝুঁকি নেই বলে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।

এই গবেষণা রিয়্যাক্টরটি আংশিক নির্মিত এবং আগে এর নাম ছিল ‘আরাক’। ইরান জাতিসংঘ পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থাকে (আইএইএ) এরইমধ্যে জানিয়েছে যে, আগামী বছর থেকে এই স্থাপনাটি চালু করার পরিকল্পনা রয়েছে।

এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েল-ইরান উত্তেজনা আরও তীব্র রূপ নিয়েছে। ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা এখন ইসরায়েলি হামলার ঝুঁকিতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।