ইউক্রেনে হামলায় রাশিয়ার বিরুদ্ধে উত্তর
কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এমন অভিযোগ করে ওয়াশিংটন। খবর রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর
কোরিয়ার কাছ থেকে পাওয়া অন্তত নয়টি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে চালানো হামলায় ব্যবহার করেছে
রুশবাহিনী।গতকাল মঙ্গলবার এ অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের এসব অভিযোগের ভিত্তিতে
গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদের এক বৈঠকে মুখোমুখি হয়েছিলেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার
রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া এবং মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড। এসময় উড উত্তর কোরিয়ার
সাংবিধানিক নাম ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ কোরিয়া (ডিপিআরকে) উল্লেখ করে রাশিয়ার
বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। তিনি বলেন, রাশিয়া ডিপিআরকের তৈরি অন্তত নয়টি ক্ষেপণাস্ত্র
ইউক্রেনের ওপর নিক্ষেপ করেছে। রাশিয়া এবং উত্তর কোরিয়াকে অবশ্যই তাদের এমন কাজের জন্য
জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
তবে মস্কো ও পিয়ংইয়ং উভয়ই মার্কিন এ
অভিযোগ অস্বীকার করেছে। গত বছর নিজেদের সামরিক সম্পর্ক আরো মজবুত করার অঙ্গীকার করেছিল
এই দুদেশ। তাদের এমন সম্পর্ক পশ্চিমাদের উদ্বেগের কারণ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।










