কানাডায় শীতের শেষেও তুষারের পাতলা স্তরের নিচে জম্বি ফায়ার জ্বলছে।
দেশটিতে গত বছরের রেকর্ড সংখ্যক দাবানল মৌসুমের অঙ্গার এখনো নিভে যায়নি। এমতাবস্থায়
আসন্ন গরমে কী হবে তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। খবর বিবিসি।
শীতে ব্রিটিশ কলম্বিয়ার ফোর্ট নেলসন মহাসড়কে গাড়ি চালানো ব্যক্তিরা
মাটি থেকে উঠে আসা সাদা ধোঁয়ার মেঘ দেখতে পান।
অগ্নিনির্বাপক ও বিজ্ঞানী সোনজা লেভারকুস ব্রিটিশ কলম্বিয়ার উত্তর-পূর্ব
এলাকার বাসিন্দা। তিনি গত বছরের নভেম্বরে তুষারঝড়ের মধ্যে গাড়ি চালানোর অভিজ্ঞতা স্মরণ
করেন। সোন্জা বলেন, তুষারপাতগুলো মোটেও সাদা দেখাচ্ছিল না।
বরং
আকাশে ধোঁয়ার কারণে এটি নীলচে ধূসর লাগছিল।
সোনজা লেভারকুস ১৫ বছর ধরে সেখানে বাস করেন। তিনি বলেন, আমি কখনো
ধোঁয়ার গন্ধযুক্ত তুষারঝড় দেখিনি।
এর রেশ ফেব্রুয়ারিতেও দেখা যাচ্ছে, যা তীব্র শীতে মাইনাস ৪০ ডিগ্রি
তাপমাত্রায়ও মিলেছে।
এ বছরের জানুয়ারিতে অঞ্চলটিতে ১০৬টি জম্বি ফায়ারের উপরিভাগ লক্ষ করা
যায়। সাধারণত বসন্তের আগে এর বেশিরভাগ চলে যায়, কিন্তু এবার ৯১টি ‘জম্বি ফায়ার’ এখনো
জ্বলছে। বিজ্ঞানীদের মধ্যে এভাবে ধিকিধিকি আগুন আসন্ন দাবানল মৌসুমের জন্য উদ্বেগ তৈরি
করেছে। কারণ এসব নিদর্শন দাবানল মৌসুম আগেভাগেই শুরু হওয়ার শঙ্কা জাগায়।
উল্লেখ্য, ২০২৩ সালে দাবানলের ফলে কানাডায় ৪ কোটি ৪০ লাখ একর জমি
আগুনে পুড়ে যায়। দাবানলের সময় জোরপূর্বক কয়েক হাজার মানুষকে তাদের বসতবাড়ি থেকে সরিয়ে
দেয়া হয়।










