ফিলিস্তিনের গাজায় দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে থাকা শরণার্থীদের জন্য ২০০টন খাদ্যবাহী একটি জাহাজ সাইপ্রাসের বন্দর ত্যাগ করেছে।গতকাল মঙ্গলবার (১২ মার্চ) প্রায় এক মাস ধসে বন্দরের ডক করা ওই জাহাজটি গাজার উদ্দেশে রওনা হয়েছে। পাইলট প্রকল্পের অংশ হিসেবে সমুদ্রে পথে এই ত্রাণ সহায়তা গাজায় যাচ্ছে। খবর দ্য গার্ডিয়ান।

গণমাধ্যমটি জানিয়েছে, মঙ্গলবার ভোরে ভূমধ্যসাগরীয় দ্বীপের দক্ষিণ বন্দর লার্নাক ছেড়েছে ওপেন আর্মস নামের ওই জাহাজ। তবে এক্ষেত্রে জাহাজ ছাড়ার সঠিক সময় নিরাপত্তাজনিত ইস্যুতে গোপন রাখা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

তবে দেশটির মেরিটাইম ট্রাকিং সাইটগুলোর তথ্যমতে, জাহাজটি ধীরে ধীরে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে। ক্ষুধার্ত গাজাবাসীর জন্য আটা, চাল, প্রোটিন এবং পানি ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে গাজার উদ্দেশে রওনা হয়েছে ওই জাহাজ।

এই জাহাজটির মালিক স্পেনভিত্তিক দাতব্য সংস্থা ওপেন আর্মস। সেখানে যে ২০০ টন ত্রাণসামগ্রী রয়েছে, সেগুলোও পাঠিয়েছে এই সংস্থাটিই। তবে এক্ষেত্রে স্পেনীয় এই সংস্থাটিকে আর্থিক সহায়তা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন (ডব্লিউসিকে)।

টানা ২ দিন চলার পর গাজায় পৌঁছানোর কথা রয়েছে ত্রাণবাহী জাহাজটির। ডব্লিউসিকের মঙ্গলবারের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর বোমায় বিধ্বস্ত বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষ দিয়ে আপাতত গাজা উপকূলে একটি কাজ চালানোর মতো জেটি তৈরি করেছেন সেখানকার স্বেচ্ছাসেবকরা। সেখানেই জাহজটি ভিড়বে এবং ত্রাণপণ্যগুলোও খালাস করা হবে সেখানে।