ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার
হামলার চার মাসে প্রাণহানি ২৭ হাজার ছাড়িয়েছে। গত বছরের ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ১৯ জন ফিলিস্তিনি। গতকাল বৃহস্পতিবার
(১ ফেব্রুয়ারি) হামলার ১১৮তম দিনে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
খবর আনাদোলু এজেন্সি।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শেষ
২৪ ঘণ্টায় গাজার অন্তত ১৫ স্থানে গণহত্যা চালিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। এতে
প্রাণ হারিয়েছেন অন্তত ১১৮ ফিলিস্তিনি। এছাড়া মারাত্মকভাবে আহত হয়েছেন ১৯০ জন।
এতে
গত চার মাসে আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ হাজার ১৩৯ জন। এছাড়া আইডিএফের অবরোধের ফলে উদ্ধারকর্মীরা
ঘটনাস্থলে পৌঁছতে না পারায় এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন বলে জানা গেছে।
অন্যদিকে ইসরায়েলের দাবি, গত বছরের
৭ অক্টোবর হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন এক হাজার ২০০ ইসরায়েলি। জিম্মি হয়েছেন ২৫০
জনেরও বেশি মানুষ যাদের অনেককে সাময়িক যুদ্ধবিরতিতে মুক্তি দিয়েছে হামাস।
জাতিসংঘের তথ্যমতে, হামাসের হামলার
পর পুরো গাজাকে অবরুদ্ধ করে তেল আবিব। ফলে অঞ্চলটিতে শুরু হয় তীব্র খাদ্য ও জ্বালানি
সংকট। এছাড়া আইডিএফের বোমা বর্ষণে গুঁড়িয়ে গেছে গাজার প্রায় ৫০ শতাংশ বসতবাড়ি, বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৮৫ শতাংশ গাজাবাসী।










