কেনিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলের নাইরোবিতে একটি গ্যাস প্লান্ট বিস্ফোরণে এখন পর্যন্ত ২৯ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শেষ খবর পাওয়া পর্যন কোনো প্রাণহানি ঘটেনি তবে আরো হতাহতের আশঙ্কা করছেন উদ্ধারকর্মীরা। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।বিবিসির খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওই অঞ্চলের এমবাকাসি এলাকায় অবস্থিত একটি গ্যাস প্লান্টে আগুন লেগে তা আশপাশে থাকা বসতবাড়িগুলোর দিকে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকারি কর্মকর্তা ইসাক মাওউরা। ঘটনাস্থল থেকে জনসাধারণকে নিরাপদ স্থানে থাকার নির্দেশ দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থনীয় গণমাধ্যম জানিয়েছে, বিস্ফোরণের পরপরই ওই এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়।