ইরানি বিপ্লবী গার্ডসের দুই কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা হলেন, কুদস ফোর্সের কমান্ডার সাঈদ ইজাদি ও বেনহাম শারিয়ারি। খবর রয়টার্স ও আল-জাজিরার।

গণমাধ্যমকে পাঠানো বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, আজ কোম শহরের একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলা চালিয়ে বিপ্লবী গার্ডস (আইআরজিসির) কুদস ফোর্সের 'ফিলিস্তিন কোর' কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যা করা হয়।

এতে আরো বলা হয়, ইজাদি ২০২৩ সালে হামাসকে অর্থ ও অস্ত্র সরবরাহ করেছিলেন। এরপর গাজায় যুদ্ধ শুরু হয়। তাকে হত্যা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও বিমান বাহিনীর জন্য বড় অর্জন।

একইদিন ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে আরো জানানো হয়, পশ্চিম তেহরানে আরেকটি হামলায় বেনহাম শারিয়ারি নামে কুদস ফোর্সের আরেক কমান্ডারকে হত্যা করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর কাছে অস্ত্র সরবরাহের দায়িত্বে ছিলেন তিনি।

পৃথক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, শারিয়ারিই হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে ক্ষেপণাস্ত্র ও রকেট সরবরাহ করতেন, যা দিয়ে ইসরায়েলে হামলা চালানো হয়।

তবে এই দুই কমান্ডার নিহত হওয়ার বিষয়ে ইরানের বিপ্লবী গার্ড কোরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।