যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নিরাপত্তার দায়িত্ব পালন করছে দেশটির সিক্রেট সার্ভিস। মার্কিন কর্মকর্তাদের বরাতে সিএনএন এ তথ্য জানিয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানান, ইরানের অন্য কর্মকর্তাদের নিরাপত্তা দিচ্ছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস।
পেজেশকিয়ান ও ইরানি প্রতিনিধিদলের অন্য সদস্যদের নিরাপত্তায় ফেডারেল নিরাপত্তা সংস্থাগুলোকে সহায়তা করছে নিউইয়র্ক পুলিশ বিভাগের ইন্টেলিজেন্স ব্যুরো। পাশাপাশি নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্য, ডিটেকটিভ এবং হাইওয়ে পেট্রোলের সদস্যরাও নিরাপত্তাব্যবস্থায় যুক্ত রয়েছেন বলে কর্মকর্তারা জানান।
জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ইরান কয়েক দশক ধরে সাধারণ পরিষদের এ বৈশ্বিক কূটনৈতিক আয়োজনে অংশ নিয়ে আসছে। তবে এ বছর ইরানের প্রতিনিধিদলের উপস্থিতি সাম্প্রতিক বছরগুলোর তুলনায় নজিরবিহীন। কারণ, যে দেশের মাটিতে জাতিসংঘের এ অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, সেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান এখনো যুদ্ধে রয়েছে।










