জর্ডান-সিরিয়া সীমান্তে নিহত ৩ মার্কিন সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। নিহতরা হলেন, সার্জেন্ট উইলিয়াম জেরোম রিভারস (৪৬), কেনেডি ল্যাডন স্যান্ডার্স (২৪) এবং ব্রেওনা অ্যালেক্সসন্ড্রিয়া মফেট (২৩)। এর আগে স্থানীয় সময় রোববার (২৮ জানুয়ারি) এক ড্রোন হামলায় নিহত হন এই তিন মার্কিন সেনা। খবর বিবিসি।

 

এই ড্রোন হামলায় শুরু থেকেই ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দায়ি করছে যুক্তরাষ্ট্র। এই হামলার সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জড়িতে আছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা অধিদপ্তর পেন্টাগন।

 

অন্যদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র কোনো ধরণের যুদ্ধ বা সংঘাতে জড়াতে চায় না বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং। তিনি বলেছেন, আমরা ইরানের সঙ্গে যুদ্ধ চাইনা। তবে আমরা এই হামলার জবাব দিব।

 

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ মার্কিন এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানের তৈরি। কর্মকর্তা ইঙ্গিত করেছেন হামলায় ব্যবহৃত ড্রোনটির সঙ্গে ইরানের"শাহেদ ড্রোনের মিল রয়েছে, যা ইরান রাশিয়া থেকে সরবরাহ করছে।

 

তবে ইরান মার্কিন অভিযোগ অস্বীকার করে বলেছে, যেসকল সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ইরানকে জড়ানো হচ্ছে আমাদের সঙ্গে তাদের কোন যোগশাজস নেই।

 

গত রোববারের ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত এবং ৪০ জনেরও বেশি সেনা আহত হয়। গত বছরের অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর এটিই ছিল মার্কিন সৈন্যদের বিরুদ্ধে প্রথম প্রাণঘাতী কোনো হামলা।