যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের সেন্ট লুইসে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত পাঁচজন নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫ হাজারের বেশি ভবন। স্থানীয় সময় শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় টর্নেডোটি আঘাত হানলে শহরের বিভিন্ন অংশে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। খবর বিবিসি।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, টর্নেডোর কারণে একটি প্রধান সড়ক ভেঙে পড়েছে। উড়ে গেছে বহু ঘরের ছাদ, গাছপালা উপড়ে যায়। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় প্রায় ১ লাখ বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে।
মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, মিসৌরি ও পার্শ্ববর্তী ইলিনয় রাজ্যে অন্তত ছয়টি টর্নেডোর খবর পাওয়া গেছে। এসব টর্নেডোর প্রভাব আটলান্টিক উপকূল পর্যন্ত বিস্তৃত হয়েছে। রাডার চিত্র অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর টর্নেডোটি সেন্ট লুইস শহরের পশ্চিম দিকে ফরেস্ট পার্কের কাছে আঘাত হানে।
শহরের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, নিকটবর্তী সেন্টেনিয়াল খ্রিস্টান গির্জার একটি অংশ ধসে পড়লে তিনজনকে উদ্ধার করা হয়, যাদের মধ্যে একজন মারা যান। জননিরাপত্তা নিশ্চিত করতে ও লুটপাট ঠেকাতে স্থানীয় কর্তৃপক্ষ রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে।













