কিয়েভ বা অন্য পক্ষের উস্কানির ভয়ে ইউক্রেন থেকে নিজেদের কূটনৈতিক কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া। আজ শনিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ কথা জানান। খবর রয়টার্স।

খবরে বলা হয়, ধারণা করা হচ্ছে নিজেদের প্রতিবেশী দেশ ইউক্রেনে যেকোনো সময় হামলা চালাতে পারে রাশিয়া। যে কারণে দেশটিতে নিযুক্ত কূটনৈতিক বা সংশ্লিষ্ট কর্মীরা যাতে কোনো ক্ষতির সম্মুখীন না হন, তাই এ সিদ্ধান্ত নিয়েছে ক্রেমলিন।

ঠিক কোন অর্থে কর্মীদের সরিয়ে নেয়া হচ্ছে, সে ব্যাপারে কিছু বলেননি মারিয়া জাখারোভা। এক বিবৃতিতে তিনি অবশ্য জানিয়েছেন, ইউক্রেনে রুশ দূতাবাস ও কনস্যুলেটগুলো নিজেদের কাজ চালিয়ে যাবে।

বিবৃতিতে তিনি বলেন, কিয়েভের শাসক বা অন্যান্য পক্ষ যারা ইউক্রেনকে সহায়তা করছে; তাদের উস্কানির আশঙ্কায় আমরা ওই দেশটিতে নিযুক্ত রুশ মিশনের কর্মীদের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছি।

রাশিয়ার সামরিক গঠন ও তৎপরতা বৃদ্ধির কারণে গত কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা বাড়ছে। উদ্ভুত এ পরিস্থিতি ইউক্রেনে রুশ হামলার সম্ভাবনা দৃঢ় করছে। অবশ্য, শুরু থেকেই রাশিয়া এ ধরনের কোনো পরিকল্পনা অস্বীকার করে আসছে।

তবে, রুশ প্রশাসনের এ দাবি মানছে না যুক্তরাষ্ট্র। দেশটির গোয়েন্দাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জোর দাবি করছে, ভালোদিমিরের দেশে হামলা চালাবে পুতিন প্রশাসন। যদি তা-ই হয়, যুক্তরাষ্ট্র কঠোর অবস্থান নেবে। ন্যাটোসহ অন্যান্য মিত্র দেশগুলোও এ ব্যাপারে একমত হয়েছে।