গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মৃতের
সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯০০ জনে। গতকাল (৩১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে হামাস
নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সি।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তেনের
এই অঞ্চলটিতে হামাস-ইসরায়েলের সংঘাত চলছে ১১৭ দিন ধরে। দিন যত যাচ্ছে উপত্যকাটিতে তীব্র
হচ্ছে আইডিএফের হামলা। তেল আবিবের ক্রমাগত এ হামলায় গত চার মাসে আহত হয়েছেন ৬৫ হাজার
৯৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, শেষ
একদিনে গাজায় অন্তত ১৬টি স্থানে ‘গণহত্যা’ চালিয়েছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। যাতে
প্রাণ হারিয়েছেন ১৫০ ফিলিস্তিনি। অন্যদিকে আহত হয়েছেন ৩১৩ জন। এছাড়া আইডিএফের অবরোধের
ফলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে না পারায় এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে
আছে বলে জানা গেছে।
অন্যদিকে ইসরায়েলের দাবি, গত বছরের
৭ অক্টোবর হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন এক হাজার ২০০ ইসরায়েলি। জিম্মি হয়েছেন ২৫০
জনেরও বেশি মানুষ যাদের অনেককে সাময়িক যুদ্ধবিরতিতে মুক্তি দিয়েছে হামাস।
জাতিসংঘের তথ্যমতে, হামাসের হামলার
পর পুরো গাজাকে অবরুদ্ধ করে তেল আবিব। ফলে অঞ্চলটিতে শুরু হয় তীব্র খাদ্য ও জ্বালানি
সংকট। এছাড়া আইডিএফের বোমা বর্ষণে গুরিয়ে গেছে গাজার প্রায় ৫০ শতাংশ বসতবাড়ি। যাতে
বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৮৫ শতাংশ গাজাবাসী।










