রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিলের (ওয়ানএমডিবি) অর্থ কেলেঙ্কারি মামলায় ১২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সাজা কমিয়ে অর্ধেক করেছে দেশটির ক্ষমা বোর্ড। স্থানীয় সময় শুক্রবার দেশটির ক্ষমা বোর্ড এ তথ্য জানায়। খবর রয়টার্স।
শুক্রবার মালয়েশিয়ার ক্ষমা বোর্ড এক বিবৃতিতে বলেছে, ২০২৮ সালের ২৩ আগস্ট নাজিবকে মুক্তি দেয়া হবে।এছাড়া তার ওপর আরোপিত জরিমানা ২১০ মিলিয়ন রিঙ্গিত থেকে ৫০ মিলিয়ন রিঙ্গিত করা হয়েছে।
সাজার কমার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নাজিবের মেয়ে নুরিয়ানা নাজওয়া নাজিব। তবে তিনি তার বাবাকে নির্দোষ দাবি করে দ্রুত মুক্তির আহ্বান জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০০৯ সালে নাজিব রাজাক প্রধানমন্ত্রী থাকার সময় দেশটির অর্থনৈতিক উন্নতির জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বেরহাদ বা ওয়ানেএমডিবি গঠন করা হয়। পরবর্তীতে ওই তহবিল থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার লোপাটের ঘটনা ঘটে। এর সঙ্গে নাজিব রাজাক জড়িত বলে তদন্তে উঠে আসে।
এরপর ২০২০ সালে নাজিব রাজাককে ১২ বছরের কারাদণ্ড এবং ২১০ মিলিয়ন মালয় রিঙ্গিত জরিমানা করা হয়। যদিও দণ্ডের বিরুদ্ধে আপিল করেছিলেন তিনি। কিন্তু সব বিচারপতিদের সম্মতিতে তার আবেদন বাতিল করা হয়। আর সাজা বহাল রাখার আদেশ দেয়া হয়।










