জমি জালিয়াতি মামলায় তদন্ত চলাকালীন গ্রেফতার হলেন ভারতের ঝাড়খণ্ড প্রদেশের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) জি়জ্ঞাসাবাদের পর বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় রাজভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দেন মুখ্যমন্ত্রী। এর পরই তাকে গ্রেফতার করে ইডি। খবর আনন্দবাজার পত্রিকা।

গত কয়েক দিন ধরেই হেমন্তকে জমি জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল ইডি। এই মামলায় এর আগেও একবার কেন্দ্রীয় সংস্থার তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য তার কাছে সময় চাওয়া হয়। কিন্তু হেমন্ত কোনো সাড়া দেননি। ২৯ জানুয়ারি তদন্তকারীরা তার বাসভবনে যান। কিন্তু তার দেখা মেলেনি।

প্রায় ৩০ ঘণ্টা নিখোঁজ থাকার পর দুপুরে রাঁচীতে নিজ বাড়ির সামনে দেখা যায় তাকে। এর পরেই তদন্তকারীরা তার বাড়িতে ঢোকেন।

সাত ঘণ্টা ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে সন্ধ্যায় রাজভবনে যান মুখ্যমন্ত্রী। এর পরই তাকে গ্রেফতার করা হয়।

তদন্তকারীদের সূত্রে খবর, ভারতের রাঁচীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৭.১৬ একর জমি বেআইনিভাবে বিক্রির অভিযোগের মামলায় নাম জড়ায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর।

সেই মামলায় এরই মধ্যে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সে ধারাবাহিকতায় এ বার হেমন্তকেও গ্রেফতার করা হলো। মু‌খ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তিনি জমি মাফিয়াদের হাতে অবৈধভাবে জমি তুলে দিয়েছেন।

যদিও হেমন্তের পাল্টা দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। তদন্তকারী সংস্থা তার ভাবমূর্তি নষ্ট করতে চাইছে।