নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় একটি যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে অগ্নিনির্বাপক ট্রাকের সংঘর্ষে পাইলট ও সহকারী পাইলট নিহত হয়েছেন। রোববার স্থানীয় সময় রাত ১১টা ৩৮ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। খবর এনবিসি ও স্কাই নিউজ।
জানা গেছে, মন্ট্রিল থেকে আসা বোম্বারডিয়ার সিআরজে-৯০০ মডেলের উড়োজাহাজটি রানওয়েতে থাকা বন্দর কর্তৃপক্ষের পুলিশ বিভাগের একটি ট্রাককে আঘাত করে। সংঘর্ষের সময় উড়োজাহাজটির গতি ছিল ঘণ্টায় প্রায় ২৪ মাইল বা ৩৯ কিলোমিটার।
এ ঘটনায় ট্রাকের ভেতরে থাকা দুই দমকলকর্মী গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।
দুর্ঘটনার সময় উড়োজাহাজটিতে ৪ জন ক্রু ও ৭২ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে নিউইয়র্কের একটি অর্থোডক্স ইহুদি দলও ছিল। উড়োজাহাজটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে গেটের দিকে যাওয়ার সময় এ সংঘর্ষ ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে উড়োজাহাজের সামনের অংশ ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যায়। ওই ভিডিওতে যাত্রীদের দ্রুত নেমে আসার চেষ্টা করতে দেখা যায়।
দুর্ঘটনার পরপরই যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ করে দেয়। অনেক ফ্লাইট অন্য বিমানবন্দরে পাঠানো হয় বা যাত্রা শুরুর স্থানে ফিরিয়ে দেয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য একটি উড়োজাহাজে ধোঁয়ার গন্ধের কারণে জরুরি সংকেত পাওয়ার পর অগ্নিনির্বাপক ট্রাকটি রানওয়ে পার হচ্ছিল। সে সময় উড়োজাহাজটির সঙ্গে সংঘর্ষ ঘটে।










