দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্রোহীদের সঙ্গে সামরিক বাহিনীর তীব্র সংঘাত চলার মাঝেই জরুরি অবস্থার মেয়াদ ফের ছয় মাসের জন্য বাড়িয়েছে মিয়ানমারের জান্তা। স্থানীয় সময় বুধবার এক ‍বিবৃতিতে নতুন করে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর কথা জানিয়েছে জান্তা বাহিনী ।এতে দেশটিতে জাতীয় নির্বাচন আরো পিছিয়ে দেয়া হয়েছে। খবর ইরাবতি।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল গতকাল বুধবার দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। জান্তা সরকার এক বিবৃতিতে বলেছে, ‘অস্থায়ী প্রেসিডেন্ট ইউ মিন্ত সোয়ে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন...পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ও সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার প্রক্রিয়া চালিয়ে যেতে জান্তাবাহিনীকে সক্ষম করতেই এ সিদ্ধান্ত।’

প্রসঙ্গত, ২০২১ সালের ফেব্রুয়ারিতে বিনা রক্তপাতে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। ওই সময় গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত দেশটির নেত্রী অং সান সুচিকে ক্ষমতাচ্যুত ও অবরুদ্ধ করা হয়।