ইসরায়েলি জিম্মিদের মুক্তির প্রস্তাব নাকচ করেছে হামাস। গতকাল সোমবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ইসরায়েলের দেয়া এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ সশস্ত্র গোষ্ঠীটি। হামাস বলছে, সংঘাত বন্ধে এবং গাজা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহারে কার্যকর নয়, এমন কোনো চুক্তি মেনে নেবে না তারা। খবর দ্য টাইমস অব ইসরায়েল।

গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, হামাস জানিয়েছে যেকোনো বিনিময় চুক্তি প্রস্তাবের আগে অবশ্যই গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে এবং পুরো অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে।

অন্যদিকে হামাসের কাসাম বিগ্রেডের এক উচ্চ পদস্থ কর্মকর্তা তাহের আল-নুন জানিয়েছেন, হামাস গাজায় যুদ্ধ বন্ধে প্রস্তুত তবে সেটা সম্পূর্ণ যুদ্ধবিরতি হতে হবে, সাময়িক যুদ্ধবিরতির কোনো প্রস্তাবে এটা সম্ভব নয়।

স্থানীয় সময় রোববার ফ্রান্সের প্যারিসে জিম্মি মুক্তির এ প্রস্তাব করে ইসরায়েল। যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের কর্মকর্তাদের উপস্থিতিতে জিম্মি বিনিময়ের একটি খসড়া প্রস্তাব হামাসের কাছে উত্থাপন করা হলে তা নাকচ করে দেয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।