ইরানের পূর্ব আজারাবাইজান প্রদেশে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার মাটিতে আছড়ে পড়েছে। দেশটির কিছু সংবাদমাধ্যমে বলা হচ্ছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে জানান যায়নি। রোববার (১৯ মে) এ দুর্ঘটনা ঘটেছে। হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রাহমাতিসহ আরো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন। খবর পার্স টুডে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি জানিয়েছেন, সীমান্ত এলাকায় আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে একটি বাঁধ উদ্বোধনের পর তিনি শহরে ফিরছিলেন।এ সময় প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসিকে বহনকারী একটি হেলিকপ্টার পূর্ব আজারবাইজান প্রদেশের উত্তর-পশ্চিমে জোলফা এলাকায় দুর্ঘটনার শিকার হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হেলিকপ্টারটি গন্তব্যে পৌঁছার আগেই অবতরণে বাধ্য হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে সেখানে এখনও উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারেননি।

তবে প্রেসিডেন্টের হেলিকপ্টার বহরে তিনটি হেলিকপ্টার ছিল। অন্য দু'টি হেলিকপ্টার কোনো সমস্যা ছাড়াই গন্তব্যে পৌঁছেছে। ঐ দু'টি উড়োজাহাজে কয়েকজন মন্ত্রীসহ পদস্থ কর্মকর্তারা ছিলেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার আজারবাইজান প্রদেশে দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। তবে হেলিকপ্টারে থাকা রাইসির কয়েকজন সঙ্গী ‘নিয়ন্ত্রণ কেন্দ্রের সাথে যোগাযোগ করতে সক্ষম হয়েছেন।’ আরো বলা হয়েছে, হেলিকপ্টারটি অনুসন্ধানে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। কয়েকটি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন।

ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।