ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ প্রত্যাশীদের
ওপর নির্বিচারে গুলি চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন অন্তত ২১ ফিলিস্তিনি। উপত্যকাটির
উত্তরাঞ্চলে অবস্থিত কুয়েতি গোলচত্বর নামক স্থানে ত্রাণ প্রত্যাশীদের ওপর এই হামলা
চালিয়েছে তেল আবিব। এতে ১৫০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) এক
প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
গণমাধ্যমটির স্থানীয় প্রতিনিধি গাজার
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়
জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে কুয়েতি গোলচত্বরের কাছে ত্রাণ প্রত্যাশীদের ওপর নির্বিচারে
গুলি চালায় ইসরায়েলি বহিনী। এতে ২১ জন নিহত এবং ১৫০ জনের বেশি আহত হয়েছেন।
রমাজেনের আগেই গাজায় যুদ্ধবিরতি কার্যকরের
জোর প্রচেষ্টা চালায় যুক্তরাষ্ট্রসহ মিসর, কাতার এবং সংশ্লিষ্ট দেশ। তবে এই অস্থায়ী
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হননি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। সম্প্রতি
মিসর জানিয়েছে হামাস স্থায়ী একটি যুদ্ধবিরতির প্রস্তাব করেছে তবে সেটিতে মত দেননি ইসরায়েলের
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৈশ্বিকভাবে ফিলিস্তিনিদের জন্য দ্বি-রাষ্ট্র
সমাধানের কথা বলা হলেও ইসরায়েল তা মানতে নারাজ। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চাপ থাকা
সত্ত্বেও বারবার স্থায়ী সমাধান অস্বীকার করছে ইসরায়েল। মার্কিন সিনেটর চক শুমার বলেছেন
ফিলিস্তিনিদের দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করা ইসরায়েলের জন্য চরম ভুল হবে। এছাড়া
জিম্মি এবং কারাবন্দিদের মুক্তি নিশ্চিতে সম্ভাব্য বিষয়ে একমত হয়ে দ্রুত যুদ্ধবিরতি
বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
গাজা উপত্যকায় পাঁচ মাসের বেশি সময়
ধরে হামাসের সাথে যুদ্ধ করছে ইসরায়েল। এই যুদ্ধে ৩১ হাজারের বেশি মানুষের প্রাণহানি
ঘটেছে। আহত হয়েছেন ৭৩ হাজারের বেশি ফিলিস্তিনি।










