ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির সংসদ ভবনে ৩০ বছর বয়সী সংসদ সদস্য (এমপি) এমেলি পেলটোনেন মারা গেছেন। তিনি সোশ্যাল ডেমোক্র্যাট দলের সদস্য ছিলেন এবং উউসিমা এলাকার প্রতিনিধিত্ব করতেন। খবর বিবিসি।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। এই শোকের খবর সারাদেশে ছড়িয়ে পড়ে।
বর্তমানে ফিনল্যান্ডের সংসদ গ্রীষ্মকালীন ছুটিতে থাকলেও প্রধানমন্ত্রী পেত্তেরি অরপো দিনের সব রাজনৈতিক কার্যক্রম স্থগিত করেন। তিনি পেলটোনেনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। তিনি বলেন, পেলটোনেন তার সহকর্মীদের কাছে খুব প্রিয় ছিলেন।
এদিকে, পুলিশ জানিয়েছে, এ মৃত্যু ঘিরে কোনো অপরাধের ছায়া এখনো পাওয়া যায়নি।
প্রসঙ্গত, পেলটোনেন ১৮ বছর বয়সে জার্ভেনপা শহরের কাউন্সিলর নির্বাচিত হন। আর ২২ বছর বয়সে শহরের বোর্ডের চেয়ারম্যান হন। পরে ২০২৩ সালে তিনি নির্বাচিত হন। এবার সংসদে পেলটোনেনের প্রথম মেয়াদ চলছিল। জুনে তিনি কিডনির সমস্যার কারণে সংসদীয় কাজে অংশ নিতে পারেননি।










