পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) তাকে হাসপাতাল থেকে কালীঘাটের নিজ বাসভবনে নিয়ে যাওয়া হয়েছে। খবর এনডিটিভি।

গণমাধ্যমটি জানিয়েছে, বৃহস্পতিবার নিজ বাড়িতে পা পিছলে কপাল, নাক ও ঘাড়ে চোট পান ৬৯ বছর বয়সী মমতা। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ ভর্তি রাখা হয় হাসপাতালের ভিআইপি ওয়ার্ডের উডবার্ন কেবিনে। সেখানে তার কপালে ৩টি ও নাকে একটি সেলাই পড়েছে।

হাসপাতালে কিছুক্ষণ থাকার পর শারীরিকভাবে ভালোবোধ করায় তাকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছেন চিকিৎসকরা।

এসএসকেএম হাসপাতালের পরিচালক ডা. মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পিছন থেকে ধাক্কা খেয়ে মুখ্যমন্ত্রী পড়ে গিয়েছেন। তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। কপালে ৩টি ও নাকে একটি স্টিচ পড়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করানোর পরামর্শ দেওয়া হলেও তিনি বাড়ি যেতে চেয়েছেন। আপাতত শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় ছেড়ে দেয়া হল। 

তিনি আরো বলেন, হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান, মেডিসিন এবং কার্ডিওলজি বিভাগের চিকিৎসকেরা মুখ্যমন্ত্রীকে দেখেছেন। ক্ষত স্থানে ড্রেসিং করানো হয়। ইসিজি, সিটি স্ক্যান-সহ বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে। প্রচুর রক্তপাত হয়েছে মুখ্যমন্ত্রীর। তবে আপাতত রক্তপাত বন্ধ হয়েছে তার। মুখ্যমন্ত্রীর আচ্ছন্নভাব অনেকেটাই কমেছে।