যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দেশ থেকে ‘ধরা হয়েছে’ এবং 'তুলে আনা হয়েছে’। একটি বড় সামরিক কর্মসূচির মাধ্যমে মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণের কথাও জানান ট্রাম্প।

নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেছেন, ‘ভেনিজুয়েলায় আক্রমণ চালিয়ে মাদুরোকে আটক করে দেশ থেকে তুলে নেয়া হয়েছে।’ তবে ট্রাম্পের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি গণমাধ্যমগুলো।

ভেনিজুয়েলায় হামলার জন্য কয়েক দিন আগেই মার্কিন সামরিক বাহিনীকে ‘সবুজ সংকেত’ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন টেলিভিশন সিবিএসের খবরে বলা হয়, বড়দিনের দিনই (ক্রিসমাস ডে) যুক্তরাষ্ট্র এ হামলার জন্য প্রস্তুত ছিল। তবে সে সময় অগ্রাধিকার পায় নাইজেরিয়ায় বিমান হামলা। পরবর্তী দিনগুলোতে নতুন করে হামলার সম্ভাব্য দিন নির্ধারণ করলেও আবহাওয়া পরিস্থিতির কারণে অভিযান পিছিয়ে যায়। সে হামলা করা হলো আজ।