যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন না দেয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক ভাইস
প্রেসিডেন্ট মাইক পেন্স। গতকাল শুক্রবার (১৫ মার্চ) ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে
এ কথা জানিয়েছেন তিনি। খবর এপি।
সাক্ষাৎকারে মাইক পেন্স বলেছেন, এতে
অবাক হওয়ার কিছু নেই যে আমি এ বছর ট্রাম্পকে সমর্থন জানাব না। ট্রাম্পের আগের
আমলে ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন পেন্স।
এপির প্রতিবেদনে বলা হয়েছে, পেন্সের
এই সিদ্ধান্ত ট্রাম্পের সঙ্গে তার দূরত্বের একটি চূড়ান্ত রূপ। ২০২০ সালের নির্বাচন ঘিরে দুজনের মধ্যে সম্পর্কের
দূরত্ব দেখা দেয়। এছাড়া ২০২১ সালের ৬ জানুয়ারি প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়ের পর মার্কিন
কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থকরা, এসময় পেন্স সেখান থেকে
পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন।
মাইক পেন্সের এমন ঘোষণার পর আসন্ন নির্বাচনে
ট্রাম্প এবং বাইডেনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন বিশ্লেষকরা।










