সহিংস হয়ে উঠেছে নেপালের সরকারবিরোধী আন্দোলন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাজধানী কাঠমান্ডুর সানেপায় ক্ষমতাসীন নেপালি কংগ্রেস পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে জেনারেশন জেড আন্দোলনকারীরা। খবর দ্য কাঠমুন্ডু পোস্ট।
প্রত্যক্ষদর্শীদের মতে, সকালে বিক্ষোভকারীরা দলীয় কার্যালয় ঘেরাও করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে অগ্নিসংযোগ করে। একইসঙ্গে রাজনৈতিক নেতাদের বাড়ি ও বড় বড় দলীয় কার্যালয়গুলোতেও হামলার ঘটনা ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার বাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে জেন-জি বিক্ষোভকারীরা।
এর আগে সোমবার তরুণদের আন্দোলন দমন করতে পুলিশ লাঠিচার্জ, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে। এতে প্রাণ হারান অন্তত ১৯ জন। আহত হন শতাধিক। এর পর থেকেই নেপালজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
কাঠমান্ডু ও আশপাশের বেশ কয়েকটি জেলায় পরিস্থিতি এখনো উত্তপ্ত। দেশটির সরকার বিভিন্ন স্থানে কারফিউ জারি করেছে। যদিও তা মানছে না বিক্ষোভকারীরা। তারা বলছে, আন্দোলনের সূচনা সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধকরণের প্রতিবাদ থেকে হলেও মূল দাবি দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করা।










