তুরস্কের উত্তর-পশ্চিম প্রদেশ কানাক্কালেতে একটি অভিবাসী বহনকারী রাবারের নৌকা ডুবে সাত শিশুসহ অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির স্থানীয় গভর্নরের কার্যালয়। খবর রয়টার্স।

গভর্নরের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, উপকূলরক্ষীরা দুজনকে জীবিত উদ্ধার করেছে। অন্য দুজন নিজেরাই সাঁতরে বাঁচতে সক্ষম হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

কোস্ট গার্ড ও অন্যান্য উদ্ধার কর্তৃপক্ষের একটি বিমান, দুটি হেলিকপ্টার, ১৮টি জাহাজ এবং ৫০২ উদ্ধারকর্মী এই অনুসন্ধান ও উদ্ধারকাজে নিয়োজিত ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।  

এজিয়ান সাগর পাড়ি দিয়ে তুর্কিসহ বিভিন্ন অঞ্চল থেকে গ্রিসে পৌঁছাতে গিয়ে নিয়মিত ঝুঁকিতে পড়েন অভিবাসীরা। গত বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে তুরস্কের ইজমির প্রদেশের উপকূলে নৌকা ডুবে অন্তত পাঁচজন মারা যায়। ওই এলাকাটি গ্রিক দ্বীপপুঞ্জ চিওস এবং সামোসের পাশ্ববর্তী অঞ্চল হিসেবে পরিচিত।