রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ
শুরু হয়েছে। দেশটিতে এবারই প্রথম তিনদিন ধরে চলবে এ ভোটগ্রহণ। স্থানীয় সময় শুক্রবার
(১৫ মার্চ) এ ভোট গ্রহণ শুরু হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পঞ্চমবারের মতো
প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন এবং নির্বাচনে সকল ভোটারকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসের
(টিএএসএস) বরাতে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
গণমাধ্যমটি জানিয়েছে, আজ থেকে শুরু হয়ে আগামী রোববার (১৭ মার্চ) পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে। এরমধ্যে রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির পূর্বাঞ্চলের কামচাটকা এবং চুকোটকায় ভোটকেন্দ্র খুলে দেয়া হয়েছে। কামচাটকার প্রদেশে ভোট দেয়া শুরু করেন সেখানের গভর্নর ভ্লাদিমির সোলোডভ।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ নির্বাচনে
স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে জয়ী হলে পঞ্চমবারের মতো
প্রেসিডেন্ট হবেন তিনি এবং সেক্ষেত্রে তার ক্ষমতার মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়বে।
এবারের নির্বাচনে পুতিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা
করছেন বেশ কয়েজন প্রার্থী। তারা হচ্ছেন- ডানপন্থি লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপিআর)
প্রধান লিওনিড স্লুটস্কি, কমিউনিস্ট প্রার্থী নিকোলে খারিতোনভ এবং উদার মধ্যপন্থি নিউ
পিপলের প্রতিনিধিত্বকারী ভ্লাদিস্লাভ দাভানকভ।
তবে ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানের
বিরোধিতা করার কারণে দুই রুশ প্রার্থীকে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অনুমতি
দেয়া হয়নি। তারা হলেন- বরিস নাদেজদিন এবং ইয়েকাতেরিনা দান্তসোভা।
এদিকে নির্বাচনে সব ভোটারকে ভোট দেয়ার
আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ান প্রেসিডেন্ট
নির্বাচনের এই ফলাফল ‘আগামী বছরগুলোতে দেশের
উন্নয়নকে বাস্তবে রূপ দেবে।










