প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ভেনিজুয়েলায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে সেখান থেকে নিয়ে যাওয়ারও দাবি করেছেন ট্রাম্প। খবর আল জাজিরা।

ভেনিজুয়েলায় হামলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ-সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ভেনিজুয়েলার বিরুদ্ধে আজ শনিবার বড় আকারের হামলা চালানো হয়েছে। এ হামলার পর দেশটির রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

তিনি আরো লেখেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ও তার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে একটি বৃহৎ পরিসরে সফলভাবে হামলা চালিয়েছে। এ সময় স্ত্রীসহ তাকে আটক করে দেশ থেকে উড়িয়ে নেয়া হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, অভিযানটি মার্কিন আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়েছিল। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে। আজ সকাল ১১টায় মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ! রাষ্ট্রপতি ডোনাল্ড জে. ট্রাম্প।

তবে প্রেসিডেন্ট মাদুরোকে ধরার বিষয়টি ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।