রাফাসহ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে
ইসরায়েলি বোমা হামলায় একদিনে আরো ১১২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এতে করে উপত্যকাটিতে
নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৭৬ জনে। এছাড়া আহতের সংখ্যা ৬৮ হাজারের কাছাকাছি
পৌঁছেছে। বিভিন্ন উদ্ধারকারী দল জানিয়েছে এখনো ধ্বংসস্তূপের নিচে আটকা আছে ফিলিস্তিনের
বহু আহত প্রাণ যাদের ইসরায়েলি অবরোধের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। খবর আনাদোলু
এজেন্সি।
গতকাল রোববার (১১ ফেব্রুয়ারি) এ তথ্য
নিশ্চিত করেছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তারা জানিয়েছে, গতকাল
গাজা উপত্যকার বিভিন্ন অঞ্চলে তেল আবিবের নির্বিচার হামলায় প্রাণহানির পাশাপাশি আহত
হয়েছেন ১৭৩ জন। এতে গত চার মাসে গাজায় আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৮৪ জনে। এছাড়া
এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে যাদের আইডিএফের অবরোদের ফলে উদ্ধার
করা সম্ভব হয়নি।
আনাদোলু বলছে, গত ৭ অক্টোবর হামাসের
নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল
হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ,
গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আক্রমণ গাজাকে
ধ্বংসস্তূপে পরিণত করেছে।
জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের
কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি
এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।
এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। হাজার
হাজার মানুষ কোনও ধরনের আশ্রয় ছাড়াই বসবাস করছে এবং প্রয়োজনের তুলনায় খুবই কম ত্রাণবাহী
ট্রাক এ অঞ্চলে প্রবেশ করছে।










