আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী, দুই দেশের যেকোনো একটির ওপর আক্রমণকে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। খবর এপি।

বুধবার সৌদি আরবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে বৈঠকের পর ‘স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘এক দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসন হলে সেটিকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে।’

শেহবাজ শরিফ ক্রাউন প্রিন্সের আমন্ত্রণে সৌদি সফরে গিয়েছিলেন। যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এই চুক্তির লক্ষ্য দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যেকোনো হামলার বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা।

সম্প্রতি ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানীতে হামাসকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত হওয়ার পর অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়তে থাকে। এমন প্রেক্ষাপটে ইসলামাবাদ ও রিয়াদের এই চুক্তি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

সৌদি আরব পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র এবং ইসলামাবাদের প্রধান তেল সরবরাহকারী দেশ। দুই দেশই যৌথভাবে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।