৮০০ বছরের দীর্ঘ নীরবতার পর, সম্প্রতি একটি পাইপ অর্গান ফের জীবন ফিরে পেয়েছে। গবেষকদের মতে, এটি খ্রিস্টান বিশ্বের সবচেয়ে প্রাচীন পাইপ অর্গান। এর প্রাচীন সুর এখন জেরুজালেমের পুরনো শহরের একটি মঠের ভেতর প্রতিধ্বনিত হচ্ছে।
এই বাদ্যযন্ত্রটি মূলত ১১শ শতকের কিছু আসল পাইপ দিয়ে তৈরি। সঙ্গীতশিল্পী ডেভিড কাতালুনিয়ার বাজানো একটি ধর্মীয় স্তোত্রের সুরে এটি বেজে ওঠে। সেই অর্গানের জোরালো সুর সেন্ট স্যাভিওর মঠের ভেতর চার্চের ঘণ্টাধ্বনির সঙ্গে মিশে তৈরি করে এক অভাবনীয় পরিবেশ।
অর্গানটি প্রদর্শনের আগে এক সংবাদ সম্মেলনে কাতালুনিয়া বলেন, উপস্থিত সবাই সঙ্গীতের ইতিহাসে এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হচ্ছেন। তিনি বলেন, ‘অর্গানটিকে একদিন আবার বাজানোর আশায় মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। প্রায় আট শতাব্দী পর সেই দিনটি এসেছে।‘
এখন থেকে এই অর্গানটি জেরুজালেমের পুরনো শহরের 'টেরা সান্টা' জাদুঘরে রাখা হবে। এটি বেথলেহেমের গির্জা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে এটি মূলত বাজানো হয়েছিল।
গবেষকদের বিশ্বাস, ক্রুসেডাররা ১১শ শতকে জেরুজালেমে তাদের শাসনকালে যিশুর জন্মস্থান বেথলেহেমে এ অর্গানটি নিয়ে আসে। প্রায় এক শতাব্দী ব্যবহারের পর, মুসলিম বাহিনীর আক্রমণ থেকে রক্ষা করার জন্য ক্রুসেডাররা এটিকে মাটির নিচে লুকিয়ে রেখেছিল।
১৯০৬ সাল পর্যন্ত সেখানেই এটি লুকানো ছিল। সেই বছর বেথলেহেমে তীর্থযাত্রীদের জন্য একটি ফ্র্যান্সিসকান আশ্রয়কেন্দ্র তৈরির সময় নির্মাণকর্মীরা একটি প্রাচীন কবরস্থানে এটি খুঁজে পান। এরপর পুরাতত্ত্ববিদরা খনন করে ২২টি ব্রোঞ্জের পাইপ, কিছু ঘণ্টা এবং ক্রুসেডারদের লুকিয়ে রাখা অন্যান্য জিনিসপত্র আবিষ্কার করেন।
অর্গান বিশেষজ্ঞ কুস ভ্যান ডে লিন্ডে বলেন, ‘৭০০ বছর মাটির নিচে আর ৮০০ বছর নীরব থাকার পর যখন এই পাইপগুলো আবার বাজল, সেটা ছিল গভীরভাবে আবেগময় মুহূর্ত।‘
২০১৯ সালে কাতালুনিয়ার নেতৃত্বে চার সদস্যের একটি দল অর্গানের প্রতিলিপি তৈরির কাজ শুরু করে। কিন্তু কাজের মাঝেই দেখা যায়, কিছু আসল পাইপ এখনো অক্ষত এবং বাজানোর উপযোগী। অর্গান নির্মাতা উইনল্ড ভ্যান ডের পুটেন সেগুলোকে পুনর্গঠিত পাইপের সঙ্গে মিশিয়ে তৈরি করেন নতুন অর্গান।
আজও অর্ধেকের বেশি অংশ আসল পাইপ দিয়ে তৈরি, যেখানে অটোমান কারিগরদের হাতে আঁকা রেখা ও নোট চিহ্ন স্পষ্ট।
মাদ্রিদের এক সঙ্গীত গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক আলভারো তোরেন্তে এই আবিষ্কারকে তুলনা করেছেন ‘জীবন্ত ডাইনোসর খুঁজে পাওয়ার’ সঙ্গে। কাতালুনিয়ার ভাষায়, ‘এটি এমন এক সম্পদ, যা আমাদের প্রাচীন অর্গান তৈরির পদ্ধতি বুঝতে সাহায্য করছে—ঠিক যেমনটি প্রায় এক হাজার বছর আগে করা হতো।‘
এপি অবলম্বনে










