ওলেকসান্দর সিরস্কিকে ইউক্রেন সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) এক্স হ্যান্ডেলে সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনিকে ধন্যবাদ জানিয়ে পোস্ট দেন জেলেনস্কি। ওই পোস্টে তিনি বলেন, সামরিক নেতৃত্বে পরিবর্তনের সময় এসেছে।

আলজাজিরার খবরে জানানো হয়েছে, নতুন সেনাপ্রধান ওলেকসান্দর সিরস্কি ২০১৯ সাল থেকে ইউক্রেনের স্থলবাহিনীকে নেতৃত্ব দিচ্ছিলেন।

সাবেক সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনি দু্ই বছর ধরে চলা রাশিয়ার আক্রমণের প্রেক্ষিতে ইউক্রেনের সামরিক কৌশলে পরিবর্তন আনার বিষয়ে মত দিয়েছিলেন। দীর্ঘদিন ধরে চলে আসা তার নেতৃত্ব হারানোর গুজব বাস্তব হওয়ার পর তিনি বলেন, ২০২২ সালের তুলনায় ২০২৪ সালের পদক্ষেপগুলো ভিন্ন হওয়া উচিত। জয়ী হতে হলে সবাইকে বদলাতে হবে এবং নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরু হওয়ার পর সেনাপ্রধান পরিবর্তনের এই ঘটনাকে সেনাবাহিনীর সবচেয়ে বড় রদবদল মনে করা হচ্ছে।