মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু অঞ্চলে জান্তা বাহিনীর আরেকটি ফাঁড়ি দখল করেছে আরাকান আর্মি (এএ)। স্থানীয়
সময় মঙ্গলবার (১২ মার্চ) বাংলাদেশ সীমান্ত ঘেঁষা ওই ফাঁড়িটির দখল নিয়েছে বলে দাবি করেছে রাখাইনের বিদ্রোহী
গোষ্ঠী এএ। এছাড়া ১৭৯ জন সেনাকে ফাঁড়ি থেকে পালাতে বাধ্য করা হয়েছে। খবর দ্য
ইরাবতী।
গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, গত বছরের
১৩ নভেম্বর রাখাইন এবং মিয়ানমারের দক্ষিণ চিন রাজ্যে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই
শুরু করে এএ। এতে ১ হাজার ২০০ জনের বেশি জান্তা সেনা প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশে
পালিয়ে গেছে।
আরাকান আর্মির যোদ্ধারা অং থ্যাপায়
অবস্থিত ফাঁড়ি নিজেদের দখলে নিয়েছে এবং আশপাশের ফাঁড়িগুলোও দখলের কাছাকাছি রয়েছে বলে
দাবি করছে বিদ্রোহী গোষ্ঠীটি। এসময় ফাঁড়িগুলো থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা
হয়েছে।
রাখাইন রাজ্যের রাথেদাউং অঞ্চলে জান্তা
বাহিনী আকাশ ও স্থল হামলা শুরু করেছে। তবে সেখানে নিজেদের শক্তিশালী বলে মনে করেন আরাকান
আর্মির যোদ্ধারা। এক বিবৃতিতে এএ জানিয়েছে, তারা জান্তার হামলা প্রতিহত করতে রাথেদাউং
অঞ্চলের সেনা ঘাঁটিতে হামলা জোরদার করেছে।
অন্যদিকে আরাকান আর্মি নিয়ন্ত্রিত মিনবিয়া
অঞ্চলে জান্তাদের বিমান হামলায় দুই বেসামরিক প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে। এছাড়া
এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে এএ দাবি করেছে।
আরাকানের রাজনৈতিক শাখা ইউনাইটেড লীগের
মানবিক ও উন্নয়ন সমন্বয় কার্যালয় গত সোমবার জানিয়েছে, মিনবিয়া অঞ্চলে বেসামরিকদের
ওপর নির্বাচারে গুলি চালিয়েছে জান্তা সেনারা। সেখানে নারীদের ধর্ষণের পাশাপাশি ৩০ জন
বেসামরিক নাগরিককে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ ওই সংস্থাটির।
গত বছরের ১৩ নভেম্বরের পর থেকে এ পর্যন্ত
অন্তত ১৮০টি জান্তা ঘাঁটি এবং নয়টি শহর দখলের দাবি করেছে আরাকানের বিদ্রোহী গোষ্ঠী
এএ।










