ভারতের দিল্লি বিমানবন্দরে বোমার হুমকি পাওয়ায় স্থগিত করা হয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (২৮ মে) স্থানীয় সময় ভোর ৫টার দিকে ভারতীয় এয়ারলাইন ইন্ডিগোর ফ্লাইট ৬ই২২১১ এর দিল্লি বিমানবন্দর থেকে উড়াল দেয়ার কথা ছিল। উড্ডয়নের কয়েক মুহুর্ত আগেই সেটিতে বোমা হামলার হুমকি পাওয়া যায়। সেকারণে রানওয়ে থেকে ফ্লাইটটির যাত্রা স্থগিত করে সব যাত্রীকে জরুরি নির্গমন পথ দিয়ে বাইরে বের করে আনা হয়।
কর্তৃপক্ষ জানায়, ভোর ৫টা ৪০ মিনিটে একটি বেনামি ফোনকলে বোমা হামলার হুমকি দেয়া হয়। এরপর ফ্লাইটটির পাইলট উড়োজাহাজের শৌচাগারের ভেতর ৩০ মিনিটের ভেতর বোমা হামলা হবে লেখা একটি কাগজ খুঁজে পান। । বোমা হামলার হুমকিতে সঙ্গে সঙ্গেই জরুরি তল্লাশি দল মোতায়েন করা হয়। তবে তল্লাশি দল উড়োজাহাজটিতে সন্দেহ করার মত কিছু খুঁজে পায়নি।
পরবর্তীতে ইন্ডিগো কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, উড়োজাহাজটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সব ধরণের নিরাপত্তা তল্লাশির পর সন্তুষ্ট হওয়া গেলে সেটিকে পুনরায় টার্মিনালে নিয়ে যাওয়া হবে।
এর আগে, ১৫ মে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের টয়লেটের ভেতর একটি টিস্যু পেপারের উপর ‘বোমা’ লেখা পাওয়া যায়। পরে পুলিশ উড়োজাহাজটি ভালো করে তল্লাশি করার পরও সন্দেহজনক কিছু খুঁজে পায়নি।
ভারতে গত কয়েক সপ্তাহে স্কুল, হাসপাতাল, বিমানবন্দরসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান বোমা হামলার হুমকি পাওয়া নিয়ে অভিযোগ করেছে। যদিও এখন পর্যন্ত সব ক্ষেত্রেই তল্লাশির পর হুমকিগুলো ভুয়া
বলে প্রমাণিত হয়েছে।










