প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য সামরিক বাহিনীতে যোগদান বাধ্যতামূলক করেছে
মিয়ানমারের জান্তা সরকার। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে মিয়ানমারের
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। দেশটির বিভিন্ন এলাকায় স্বায়ত্বশাসন প্রতিষ্ঠার জন্য
লড়াইরত সশস্ত্র বিদ্রোহীদের মোকাবেলায় মিয়ানমার সেনাবাহিনী যখন হিমশিম খাচ্ছে, তখনই
এমন ঘোষণা এল।
মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির ১৮ থেকে
৩৫ বছর বয়সী সকল পুরুষ এবং ১৮ থেকে ২৭ বছর বয়সী সকল নারীকে অবশ্যই দুই বছর সেনাবাহিনীতে
কাজ করতে হবে। আর চিকিৎসক ও বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞ যাদের বয়স ৪৫ বছরের মধ্যে, তাদের
বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে তিন বছর থাকতে হবে। চলমান রাষ্ট্রীয় জরুরি পরিস্থিতি
বিবেচনায় এ নিয়োগ পাঁচ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
২০২১ সালের একটি অভ্যুত্থানে একটি নির্বাচিত সরকারের কাছ থেকে সেনাবাহিনী ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। জাতিগত সংখ্যালঘু বিদ্রোহী গোষ্ঠী এবং গণতন্ত্রপন্থী যোদ্ধাদের সমন্বিত আক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সামরিক বাহিনী বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে। হামলায় সেনাসদস্যদের প্রাণহানির ঘটনা ঘটছে। বিদ্রোহীদের পাশাপাশি গণতন্ত্রপন্থী যোদ্ধারাও জান্তার বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছে। ১৯৬২ সালে প্রথমবার মিয়ানমারের ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে এটিকেই দেশটির সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, মিয়ানমার বাহিনী নতুন সেনা নিয়োগ দিতে হিমশিম খাচ্ছে। তারা যুদ্ধের সঙ্গে নিয়োজিত নয় এমন মানুষদেরও সম্মুখযুদ্ধে বাধ্য করছে।
মিয়ানমারের সামরিক জান্তার মুখপাত্র জ মিন তুন রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে
বলেন, ‘দেশের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব শুধু সেনাদের মধ্যে সীমিত
না রেখে তা সব নাগরিকের মধ্যে বিস্তৃত করে দিতে হবে। তাই আমি সবাইকে বলতে চাই, তারা
যেন গর্বের সঙ্গে সামরিক সেবা আইন অনুসরণ করে।’
মিয়ানমারে আগে থেকে চালু থাকা বাধ্যতামূলক নিয়োগসংক্রান্ত একটি আইনকেই কার্যকর করার ঘোষণা দেয়া হয়েছে। এ আইনটি ২০১০ সালে চালু করা হলেও সেটি কার্যকর করা হয়নি। সম্প্রতি প্রাপ্তবয়স্ক সবাইকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগদানের ঘোষণার মাধ্যমে আইনটি কার্যকর করা হলো। এ আইন অনুযায়ী, যাদের সেনাবাহিনীতে যোগ দিতে বলা হবে, তারা যদি যোগ না দেন, তবে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।










