সুইজারল্যান্ডের একটি বিলাসবহুল স্কি রিসোর্টে নববর্ষ উদযাপনকালে অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো শতাধিক মানুষ। তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।। খবর রয়টার্স।

বৃহস্পতিবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ক্র্যানস-মনটানা রিসোর্টের ‘লে কনস্টেলেন’ নামক একটি বারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত দেড়টার দিকে বারের ভেতরে আগুনের সূত্রপাত হয়।

প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সেখানে সন্ত্রাসী হামলার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তদন্তকারী কর্মকর্তাদের তথ্যানুযায়ী, বারের বেসমেন্টে একটি বোতলের ওপর লাগানো জন্মদিনের মোমবাতি কাঠের ছাদের খুব কাছাকাছি ছিল। সেখান থেকেই ছাদে আগুন ধরে যায় এবং পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ সময় ভবনের সরু সিঁড়ি দিয়ে বের হতে গিয়ে অনেকেই আটকা পড়েন।

এদিকে ঘটনার খবর পেয়ে অগ্নিনির্বাপক দল ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে দগ্ধ মরদেহ শনাক্ত করা কঠিন হওয়ায় ফরেনসিক বিভাগে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর বিট্রিস পিলুড।

দুর্ঘটনার পর ক্র্যানস-মনটানা এলাকায় আকাশপথ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। আহতদের উদ্ধারে ১০টি হেলিকপ্টার ও ৪০টি অ্যাম্বুলেন্স ব্যবহার করা হয়েছে। দগ্ধদের জায়ন, লুসান, জেনেভা ও জুরিখের বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে। স্বজনদের তথ্য জানাতে একটি হেল্পলাইন চালু করেছে স্থানীয় প্রশাসন।