ভেনেজুয়েলার
বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোকে প্রেসিডেন্ট নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছেন
দেশটির সর্বোচ্চ আদালত। শুক্রবার দেয়া ওই রায়ে মাচাদোর সরকারি দায়িত্ব থেকে ১৫ বছরের
নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।
চলতি
বছরের শেষ দিকে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তাকে অযোগ্য ঘোষণা করা হলো। একইসঙ্গে
দুবারের প্রেসিডেন্ট পদপ্রার্থী হেনরিক ক্যাপ্রিলেসকেও নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা
করেছেন দেশটির আদালত।
এমন
সময় তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হলো যখন যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলো নির্বাচনের
আগে অযোগ্য-ঘোষিত বিরোধী প্রার্থীদের বিষয়টি পুনর্বিবেচনার জন্য বারবার আহ্বান জানিয়ে
আসছে।
গত
বছর প্রাথমিক নির্বাচনে মাচাদো সহজেই জিতেছেন। মাচাদো এরই মধ্যে ১৫ বছরের জন্য সরকারি অফিসে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা পেয়েছেন। শুক্রবার আদালত দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে তার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখেন।
রায় ঘোষণার পর মাচাদো সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘প্রতারণামূলক নির্বাচনের লক্ষ্যে মাদুরো ও তার দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা নিকৃষ্ট পথ বেছে নিয়েছে।’
প্রসঙ্গত,
মারিয়া কোরিনা মাচাদো একজন সাবেক আইনপ্রণেতা ও শিল্প প্রকৌশলী। যিনি ৯০ শতাংশেরও বেশি ভোটে বিরোধীদের প্রাথমিক নির্বাচনে জয়লাভ করেন। নির্বাচনটি ভেনিজুয়েলার নির্বাচন কর্তৃপক্ষের মাধ্যমে স্বাধীনভাবে অনুষ্ঠিত হয়েছিল।
এর আগে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ভেনিজুয়েলার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। পরবর্তীতে অংশগ্রহণমূলক নির্বাচনের শর্তে গত বছরের অক্টোবরে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।










