ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বীরসেবায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (২০ জুন) এ হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

টাইমস অব ইসরায়েলের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ইরান থেকে তাদের ভূখণ্ডের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ সময় দেশটির বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়।

আরো জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো আবাসিক এলাকার কাছে আঘাত হেনেছে। এতে সেখানকার বেশ কিছু গাড়ি ধ্বংস হয়েছে এবং এর আশপাশের ভবনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে হামলা চালানো এলাকায় এরই মধ্যে স্বাস্থ্য ও উদ্ধারকর্মীরা পৌঁছেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এ হামলার এক ফুটেজে দেখা যায়, একটি আবাসিক এলাকার বাইরে বেশ কিছু গাড়ি আগুনে পুড়ছে এবং তা থেকে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলির সৃষ্টি হয়েছে।