আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে ইরান। খবর রয়টার্স।
‘ইরানের শান্তিপূর্ণ পরমাণু কার্যক্রম নিয়ে পক্ষপাতমূলক মনোভাব’ এবং ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের সামরিক হামলার বিষয়ে ‘নীরবতা’ বজায় রাখার জন্য রাফায়েল গ্রোসির বিরুদ্ধে এই অভিযোগ দাখিল করেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি।
ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ জানিয়েছে, ইরানি রাষ্ট্রদূতের ভাষ্য অনুযায়ী, আইএইএ প্রধান আন্তর্জাতিক সংস্থার নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন।
এদিকে, বৃহস্পতিবার ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের হামলার সময় রাফায়েল গ্রোসি যে ‘নিষ্ক্রিয়’ ছিলেন, তার জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হতে পারে।
এর আগে জুন মাসের শুরুতে গ্রোসি বলেছিলেন, ইরান ধারাবাহিকভাবে তাদের পরমাণু কর্মসূচি সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদান এড়িয়ে যাচ্ছে। তার ফলে সংস্থাটি ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ কি না, সে বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারছে না।‘
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য রাখার সময় গ্রোসি সতর্ক করে বলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর সামরিক হামলা পারমাণবিক নিরাপত্তা ও সুরক্ষায় মারাত্মক অবনতি ঘটিয়েছে।















